নাজিয়া আফরিন
আমি কিন্তু বাঙালি ভাই
বাংলা আমার প্রাণ,
আমার সামনে please গেয়ো না
বাংলা কোনো গান।
আব্বা , আম্মা শুনতে আমার
কেমন জানি লাগে,
Mummy, Daddy শুনলে মনে
সুখের পরশ জাগে।
কচু শাক আর লাউয়ের ডগায়
বাঙ্গাল গন্ধ পাই,
তাইতো আমি রোজ খাবারে
থাই, চাইনিজ খাই।
আমি কিন্তু বাঙালি ভাই
এক্কেবারে খাঁটি,
তাই বলে কি ঘুরতে হবে
গায়ে মেখে মাটি?
বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার দেশ,
তাই নিয়ে তো সবার সাথে
গর্ব করি বেশ।
এই দেশকে নিয়ে আমার
মনে বড় আঁশ,
জনসংখ্যা কমাতে তাই
চীনে করব বাস।
দুঃখী লোকের কষ্ট আমি
সইতে পারি না,
তাইত তাদের মুখটা আমি
দেখতে চাই না।
দূরে গিয়ে তাদের জন্য
ফেলব চোখের জল,
ভাবনাটা মোর কেমন হলো
খারাপ নাকি বল?











0 Comments