নাজিয়া আফরিন
নতুন বর্ষের আগমনে
হচ্ছো বেসামাল,
ভাবছো না কেউ জীবন থেকে
যাচ্ছে চলে কাল।
যাচ্ছে সময়, বাড়ছে বয়স
কমছে প্রাণের দম,
থাকতে সময় হও হুশিয়ার
সময় বড় কম।
ভবের লীলায় মত্ত আছো
রঙ চঙের এই খেলায়,
বুঝবে যেদিন নড়বে টনক
হারাচ্ছো যা হেলায়।
থার্টি ফার্স্টের
সংস্কৃতিটা
আনলো দেশে কারা?
উল্টা-পাল্টা উদোম নাচে
জাতি দিশেহারা।
টাকা উড়িয়ে করছো তুমি
আকাশ-বাতাস ভারী,
পথের ধারে করছে কত
ক্ষুধায় আহাজারি।
তাদের পানে হাতটা বাড়াও
লাভের আশায় নয়,
পাপের বোঝা হবে তোমার
একটু হলেও ক্ষয়।
এমনি করে জীবন থেকে
যাচ্ছে চলে সব,
কান পাতলে ঐ শুনতে পাবে
'ইয়া নাফসি' রব।
নতুন বছর নতুন দিনে
মোদের চাওয়া হোক,
ধনে-জ্ঞানে সমৃদ্ধ হোক
বাংলাদেশের লোক।
অনাহারে থাকবে না আর
একটি মানুষ পথে,
ধনী-গরীব ভেদ ঘুচে যাক
হাতটা রেখে হাতে।
নতুন দিনের নতুন উষায়
পূরোক সবার আশা,
বিশ্ববাসীর মনে বাঁচুক
শুধুই ভালোবাসা।











0 Comments