নাজিয়া আফরিন
এক যে আছে আজব রাজা
আজব তাহার দেশ,
কাজের কাজী, খুব যে
পাজি
খয়ের খাঁ'রা বেশ।
তেলের কথায় পিছলে রাজা
হারিয়ে ফেলেন খেই,
ভুল বিচারের ভবের হাটে
ন্যায় বিচার আজ নেই।
অমার্ত্য আর বর্গীরা সব
রাজার উপদেষ্টা,
আমজনতা খাচ্ছে খাবি
দেখছে শুধু শেষটা।
কাজের কাজী মরছে সেথা
উদরেরই জ্বালায়,
ভালোই আছে, সুখে আছে
কাজ দেখে যে পালায়।
কথার যাদু দিয়ে তারা
করছে পকেট ভারি,
ঘেমে নেয়ে করছে যে কাজ
চড়ছে না তার হাড়ি।
গুণী ছেড়ে করেন রাজা
তেলের কদর বেশি,
দোষীরা সব পায় না সাজা
নির্দোষেরাই দোষী।
একই কাজের দেন যে তিনি
ভিন্ন ভিন্ন দাম,
কারো পায়ে তেল মাখেন
কারো তুলেন চাম।
অন্যেরে দাম না দিয়ে যে
খুঁজেন নিজের মূল্য,
আসল অর্থে সেই তো অজ্ঞ
মূর্খ সমতূল্য।
চক্ষু মেলে যেদিন রাজার
কাটবে সকল ভ্রান্তি,
সুদিন সেদিন আসবে ফিরে
ফিরবে দেশে শান্তি।
দুইদিনের এই বাহাদুরি
হবে একদিন শেষ,
রাজা প্রজা এক হবে রে
লাগবে এক নিমেষ।
.jpg)










0 Comments